SellPunch-এ কোনো কাজ আটকে গেলে বা লাল/হলুদ বার্তা এলে এখানে সেই লেখাটা খুঁজুন — প্রতিটার পাশে কেন হয় আর কী করবেন লেখা আছে। কোন পাতা কোথায়, আর নতুন দোকানে এরপর কী করবেন, তা-ও শুরুতেই দেওয়া।
AI দিয়ে সাহায্য: ChatGPT, Claude, Gemini বা অন্য যেকোনো AI-কে স্ক্রিনশটসহ জিজ্ঞেস করতে পারেন। ড্যাশবোর্ডের উপরের বারে AI সাহায্য (বা বাম মেনুর নিচে AI-কে জিজ্ঞেস করুন) চাপুন — আপনার প্রশ্নের সাথে এই পাতার নাম আর SellPunch-এর গাইডের লিংক জুড়ে ChatGPT বা Claude খোলে, যাতে AI আন্দাজে না বলে আসল নিয়ম দেখে উত্তর দেয়। স্ক্রিনশটে কাস্টমারের ফোন নম্বর থাকলে ঢেকে দিন, আর কখনো পাসওয়ার্ড বা কুরিয়ারের চাবি AI-কে দেবেন না।
কোন পাতা কোথায়
ড্যাশবোর্ডের উপরের বারে পাতার নাম থাকে, বাম পাশে মেনু। মোবাইলে মেনু খুলতে উপরের বাম কোণের তিন দাগে চাপুন।
| মেনুর ভাগ | মেনু (উপরের বারে পাতার নাম) | কী করা যায় | গাইড |
|---|---|---|---|
| প্রধান | ড্যাশবোর্ড | আজকের বিক্রি, চার্ট, "এখন যা করতে হবে", নতুন দোকানের ধাপ | শুরু করা |
| প্রধান | POS (দোকানে বিক্রি) — পাতার নাম "POS — দোকানে বিক্রি" | বারকোড স্ক্যান করে দোকানে বিল, ছাড়, বাকি, রসিদ, ফেরত | POS |
| প্রোডাক্ট | সব প্রোডাক্ট ("প্রোডাক্ট") | প্রোডাক্ট যোগ, এডিট, স্টক, সাইজ-রং, অন্য জায়গা থেকে আনা | প্রোডাক্ট |
| প্রোডাক্ট | ক্যাটাগরি | প্রোডাক্টের ভাগ | প্রোডাক্ট |
| প্রোডাক্ট | বারকোড প্রিন্ট | বারকোড স্টিকার ছাপা | বারকোড |
| বিক্রি | সব অর্ডার ("অর্ডার") | সব অর্ডার, অবস্থা বদলানো, কুরিয়ারে পাঠানো, ইনভয়েস | অর্ডার |
| বিক্রি | ওয়েবসাইটের অর্ডার | ওয়েবসাইট থেকে আসা অর্ডার আর অনলাইন পেমেন্ট | অর্ডার |
| বিক্রি | কুরিয়ার | পাঠানো পার্সেল, ট্র্যাকিং, কুরিয়ারের হিসাব | কুরিয়ার |
| বিক্রি | অসম্পূর্ণ অর্ডার | চেকআউট শুরু করেও যারা অর্ডার দেয়নি | বিক্রি বাড়ানো |
| বিক্রি | কুপন ও অফার | কুপন কোড, ছাড় | বিক্রি বাড়ানো |
| বিক্রি | ল্যান্ডিং পেজ | Facebook বিজ্ঞাপনের এক প্রোডাক্টের পাতা | ল্যান্ডিং পেজ |
| বিক্রি | রিভিউ | কাস্টমারের রিভিউ দেখানো/লুকানো | বিক্রি বাড়ানো |
| বিক্রি | Facebook বট (Standard, Premium আর ট্রায়ালে দেখায়) | Messenger-এর কথোপকথন; সেখান থেকে "Facebook অটোমেশন" (কমেন্ট আর Messenger-এর বট) | Facebook অটো রিপ্লাই |
| বিক্রি | কাস্টমার | কাস্টমারের তালিকা, ব্লক, তালিকা আনা | কাস্টমার ও বাকি |
| বিক্রি | SMS | ব্যালেন্স, SMS পাঠানো, SMS কেনা, অর্ডারের অটো SMS | বিক্রি বাড়ানো |
| হিসাব | বাকির খাতা | কাস্টমারের বাকি, আদায়, তাগাদা SMS | কাস্টমার ও বাকি |
| হিসাব | মাল কেনা, সাপ্লায়ার, খরচের খাতা | মাল কেনা, সাপ্লায়ারের পাওনা, খরচ | হিসাব ও রিপোর্ট |
| ব্যবস্থাপনা | স্টাফ | স্টাফ অ্যাকাউন্ট আর অনুমতি | স্টাফ |
| ব্যবস্থাপনা | রিপোর্ট | বিক্রি, লাভ-ক্ষতি, Excel | হিসাব ও রিপোর্ট |
| ব্যবস্থাপনা | ওয়েবসাইট | ট্যাব: দোকানের তথ্য, ডিজাইন, ব্যানার, ক্যাটাগরি, ডেলিভারি, পেমেন্ট, যোগাযোগ ও পলিসি, নিজের ডোমেইন | ওয়েবসাইট, অনলাইন পেমেন্ট, নিজের ডোমেইন |
| ব্যবস্থাপনা | প্যাকেজ ও বিল | প্যাকেজ কেনা, মেয়াদ, রসিদ | প্যাকেজ ও সেটিংস |
| ব্যবস্থাপনা | সেটিংস | ট্যাব: কুরিয়ার, POS ও রসিদ, Facebook, ডাটা ও ব্যাকআপ | প্যাকেজ ও সেটিংস, কুরিয়ার |
| — | গাইড ও সাহায্য | এই গাইড সেন্টার | — |
| — | AI-কে জিজ্ঞেস করুন (উপরের বারে "AI সাহায্য") | ChatGPT, Claude বা যেকোনো AI-কে এই পাতা নিয়ে প্রশ্ন | এই পাতা |
স্টাফ হিসেবে ঢুকলে শুধু যেসব কাজের অনুমতি আছে সেই মেনুগুলো দেখায়।
নতুন দোকান: এরপর কী করবেন
ড্যাশবোর্ডে দোকান পুরোপুরি চালু করুন কার্ডে ধাপগুলো থাকে, আর লেখা থাকে "এরপর: …"। ক্রমটা এরকম:
- প্রথম প্রোডাক্ট যোগ করুন — সব প্রোডাক্ট → Add Product; অন্য জায়গায় দোকান থাকলে একসাথে সব আনুন।
- দোকানের লোগো দিন — ওয়েবসাইট → দোকানের তথ্য।
- ফোন নম্বর আর ঠিকানা দিন — ওয়েবসাইট → দোকানের তথ্য।
- ওয়েবসাইটে ব্যানার দিন — ওয়েবসাইট → ব্যানার।
- কুরিয়ার কানেক্ট করুন — সেটিংস → কুরিয়ার।
- Facebook পেইজ কানেক্ট করুন (Standard ও Premium) — সেটিংস → Facebook।
- প্রথম বিক্রি করুন — POS-এ বিক্রি, বা ওয়েবসাইটের লিংক শেয়ার।
কার্ডের যেকোনো ধাপে চাপলে ঠিক সেই পাতাটাই খোলে।
সব হয়ে গেলে কার্ডটা আর দেখায় না। এরপর রোজের কাজ ড্যাশবোর্ডের এখন যা করতে হবে-তে আসে — নতুন অর্ডার কনফার্ম, কুরিয়ারে পাঠানো বাকি, স্টক শেষের পথে, বাকি তোলা, Messenger-এ অপেক্ষায় থাকা কাস্টমার।
লগইন ও অ্যাকাউন্ট
"মোবাইল নম্বর বা পাসওয়ার্ড ভুল।"
কেন: নম্বর বা পাসওয়ার্ড মেলেনি। কী করবেন: যে নম্বরে অ্যাকাউন্ট খুলেছেন সেটা ০১ দিয়ে ১১ সংখ্যায় লিখুন; পাসওয়ার্ডে বড়-ছোট হাতের অক্ষর আলাদা ধরা হয়। পাসওয়ার্ড মনে না থাকলে লগইন পাতার পাসওয়ার্ড ভুলে গেছেন? চেপে যোগাযোগের পাতা থেকে সাপোর্টে জানান — অ্যাকাউন্টের নম্বর দিয়ে।
"অনেকবার চেষ্টা হয়েছে। এক ঘণ্টা পর আবার চেষ্টা করুন।"
কেন: অল্প সময়ে অনেকবার অ্যাকাউন্ট খোলার চেষ্টা হয়েছে (নিরাপত্তার জন্য আটকানো)। কী করবেন: এক ঘণ্টা পর আবার চেষ্টা করুন। প্যাকেজ কেনার সময় "১০ মিনিট পর" লেখা এলে ১০ মিনিট অপেক্ষা করুন।
"এই নম্বরে আগে থেকেই একটা অ্যাকাউন্ট আছে, লগইন করুন।"
কেন: এই নম্বরে আগেই দোকান খোলা হয়েছে। কী করবেন: নতুন অ্যাকাউন্ট না খুলে লগইন করুন; পাসওয়ার্ড মনে না থাকলে সাপোর্টে জানান।
"এই নামটা সংরক্ষিত, অন্য একটা নাম বেছে নিন।" / "… আগেই নেওয়া হয়েছে।"
কেন: দোকানের ওয়েবসাইটের ঠিকানার (সাবডোমেইন) নামটা SellPunch-এর নিজের কাজে রাখা, বা অন্য দোকান আগেই নিয়েছে। কী করবেন: একটু বদলে নিন — যেমন শেষে শহরের নাম বা সংখ্যা; নেওয়া থাকলে বার্তাতেই একটা খালি নাম প্রস্তাব করা থাকে।
"Access Denied: You do not have permission for …"
কেন: আপনি স্টাফ হিসেবে ঢুকেছেন, আর এই কাজের অনুমতি নেই। কী করবেন: দোকানের মালিককে বলুন — মালিক স্টাফ পাতা থেকে আপনার অনুমতি (POS, প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, রিপোর্ট, সেটিংস, SMS) চালু করে দেবেন।
"ডেমো দোকানে এটা করা যায় না।"
কেন: আপনি লাইভ ডেমো দোকানে আছেন — সেখানে কিছু কাজ বন্ধ, যেমন সেটিংস, বিল, স্টাফ, SMS কেনা, কুরিয়ারে পাঠানো, Facebook আর ফাইল আনা। কী করবেন: নিজের দোকান খুলতে ফ্রি অ্যাকাউন্ট খুলুন।
প্যাকেজ, বিল আর লক
ড্যাশবোর্ড খুলছে না, শুধু "প্যাকেজ ও বিল" পাতা আসছে
কেন: প্যাকেজ বা ট্রায়ালের মেয়াদ শেষ — ড্যাশবোর্ড লক হয়, কোনো তথ্য মোছে না। কী করবেন: প্যাকেজ ও বিল থেকে প্যাকেজ কিনুন (bKash, Nagad, Rocket বা কার্ডে); টাকা কাটলেই সাথে সাথে খুলে যায়। মেয়াদ শেষের পর ৭ দিন ওয়েবসাইট চালু থাকে, তথ্য থাকে ৯০ দিন। লক থাকলেও দোকানের মালিক একই পাতার সব ডাটা নামান থেকে সব তথ্য Excel-এ নামাতে পারেন।
দোকানের ওয়েবসাইটে "সাময়িক বন্ধ" দেখাচ্ছে
কেন: মেয়াদ শেষের পর ৭ দিন পার হয়ে গেছে। কী করবেন: প্যাকেজ কিনলেই সাথে সাথে ওয়েবসাইট আবার খোলে।
"পেমেন্ট সম্পন্ন হয়নি (বাতিল বা ব্যর্থ)। চাইলে আবার চেষ্টা করুন।"
কেন: পেমেন্টের পাতায় বাতিল চাপা হয়েছে, বা bKash/Nagad/কার্ডে টাকা কাটা যায়নি। কী করবেন: আবার চেষ্টা করুন। টাকা কেটে গেছে অথচ প্যাকেজ চালু হয়নি — এমন হলে লেনদেন নম্বর (Trx ID) সহ সাপোর্টে জানান; একই বিল দুবার কাটলে বা চালু না হলে টাকা ফেরতের নিয়ম রিফান্ড পলিসিতে।
"… আপনার এখনকার প্যাকেজে নেই। Billing থেকে প্যাকেজ আপগ্রেড করুন।"
কেন: এই সুবিধা উপরের প্যাকেজে আছে — Facebook অটোমেশন Standard আর Premium-এ, নিজের ডোমেইন শুধু Premium-এ। কী করবেন: প্যাকেজ ও বিল থেকে প্যাকেজ বদলান।
"আপনার প্যাকেজে সর্বোচ্চ …টা প্রোডাক্ট রাখা যায়।" / "… জন স্টাফ রাখা যায়।"
কেন: Basic-এ ২০০টা প্রোডাক্ট আর ১ জন স্টাফ, Standard-এ ১,০০০টা আর ৩ জন, Premium-এ সীমাহীন প্রোডাক্ট আর ১০ জন। কী করবেন: পুরনো/বন্ধ প্রোডাক্ট মুছুন, বা প্যাকেজ বড় করুন।
প্রোডাক্ট, বারকোড আর POS
"এই বারকোড আগে থেকেই …"
কেন: দোকানের আরেকটা প্রোডাক্টে একই বারকোড আছে। কী করবেন: অন্য বারকোড দিন, অথবা ঘরটা খালি রাখুন — SellPunch নিজে একটা বানিয়ে দেবে।
"এই বারকোডের কোনো প্রোডাক্ট নেই: …"
কেন: POS-এ যে বারকোড স্ক্যান হলো, সেটা দোকানের কোনো প্রোডাক্টে বসানো নেই। কী করবেন: প্রোডাক্ট এডিট করে বারকোডের ঘরে নম্বরটা বসান, বা বারকোড প্রিন্ট থেকে SellPunch-এর বারকোড ছেপে লাগান।
ক্যামেরা দিয়ে স্ক্যান হচ্ছে না
বার্তা অনুযায়ী: - "ক্যামেরার অনুমতি দেওয়া হয়নি।" — ঠিকানার পাশের তালা চিহ্নে চেপে Camera → Allow, তারপর আবার চাপুন। - "ক্যামেরা অন্য অ্যাপে চালু আছে" — অন্য অ্যাপ (ভিডিও কল ইত্যাদি) বন্ধ করে আবার চাপুন। - "এই ডিভাইসে ক্যামেরা পাওয়া যায়নি।" — ক্যামেরাওয়ালা ফোন/ল্যাপটপ ব্যবহার করুন, অথবা USB বারকোড স্ক্যানার লাগান (কীবোর্ডের মতো কাজ করে)। - "ক্যামেরা চালু করা যায়নি।" — পাতা রিফ্রেশ করে আবার চেষ্টা করুন।
"বাকি রাখতে কাস্টমারের নাম আর মোবাইল নম্বর দিন।"
কেন: POS-এ পুরো টাকা না নিয়ে বাকি রাখলে কার কাছে বাকি, তা জানতে হয়। কী করবেন: কাস্টমারের নাম আর ১১ সংখ্যার মোবাইল নম্বর দিন — বাকিটা বাকির খাতায় ওঠে।
"কার্টের তথ্য ঠিক নেই, পেইজটা রিফ্রেশ করুন।" / "কিছু প্রোডাক্ট আর পাওয়া যাচ্ছে না, পেইজটা রিফ্রেশ করুন।"
কেন: POS খোলা থাকার মাঝে কোনো প্রোডাক্ট বদলানো বা মোছা হয়েছে। কী করবেন: পাতা রিফ্রেশ করে আবার কার্টে যোগ করুন।
অর্ডার আর কুরিয়ার
"Settings-এ Steadfast-এর API Key আর Secret Key দিন।" / "Settings থেকে Pathao কানেক্ট করুন।" / "Settings-এ RedX-এর API Access Token দিন।"
কেন: এই কুরিয়ার এখনো যুক্ত করা হয়নি। কী করবেন: সেটিংস → কুরিয়ার-এ কুরিয়ারের নিজের মার্চেন্ট প্যানেল থেকে চাবি কপি করে বসান — কোথায় পাবেন তা কুরিয়ার গাইডে।
"Steadfast API Key বা Secret Key ভুল।"
কেন: চাবি কপি করতে ভুল হয়েছে, বা Steadfast-এ নতুন চাবি বানানো হয়েছে। কী করবেন: Steadfast-এর প্যানেল থেকে আবার কপি করে বসান — সামনে-পেছনে ফাঁকা জায়গা যেন না থাকে। বারবার ভুল চাবি দিলে Steadfast এক ঘণ্টা আটকে রাখে।
"Client ID, Secret, ইমেইল বা পাসওয়ার্ড ভুল।" / "Pathao-র সংযোগের মেয়াদ শেষ।"
কেন: Pathao-র চারটা তথ্যের কোনোটা মেলেনি, বা সংযোগের মেয়াদ গেছে। কী করবেন: সেটিংস → কুরিয়ার থেকে Pathao আবার কানেক্ট করুন — Client ID, Client Secret, Pathao-র ইমেইল আর পাসওয়ার্ড চারটাই।
"Pathao কানেক্ট হয়েছে, কিন্তু কোনো চালু স্টোর পাওয়া যায়নি।"
কী করবেন: merchant.pathao.com-এ একটা স্টোর (পিকআপের ঠিকানা) বানিয়ে আবার কানেক্ট করুন।
"RedX টোকেন ভুল বা মেয়াদ শেষ।"
কী করবেন: RedX-এর প্যানেল থেকে নতুন API Access Token নিয়ে সেটিংস → কুরিয়ারে বসান।
"কাস্টমারের ঠিকানা দেওয়া নেই।" / "কাস্টমারের মোবাইল নম্বর ঠিক নেই (…)"
কেন: কুরিয়ার ঠিকানা আর ১১ সংখ্যার মোবাইল ছাড়া পার্সেল নেয় না। কী করবেন: অর্ডার এডিট করে ঠিকানা আর নম্বর ঠিক করুন, তারপর আবার কুরিয়ারে পাঠান।
"… অর্ডার কুরিয়ারে পাঠানো যায় না।"
কেন: বাতিল (Cancelled), ফেরত (Returned) বা ডেলিভারি হয়ে যাওয়া (Delivered) অর্ডার কুরিয়ারে পাঠানো যায় না; আগেই পাঠানো থাকলেও না। কী করবেন: দরকার হলে নতুন অর্ডার বানান।
"… সময়মতো উত্তর দেয়নি।" / "…-এর সার্ভারে পৌঁছানো যায়নি।"
কেন: কুরিয়ারের নিজের সার্ভার ধীর বা বন্ধ। কী করবেন: কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন; পার্সেল দুবার বুক হয় কিনা কুরিয়ারের প্যানেলে মিলিয়ে নিন।
"বেছে নেওয়া এলাকাটা RedX-এর লিস্টে নেই।"
কী করবেন: RedX-এর তালিকা থেকে আবার এলাকা বেছে নিন।
কাস্টমার অর্ডার দিতে পারছে না: "এই নম্বর থেকে এখন অর্ডার নেওয়া যাচ্ছে না।"
কেন: দোকান এই নম্বরটা ব্লক করে রেখেছে। কী করবেন: ভুল হলে কাস্টমার পাতা থেকে নম্বরটা খুঁজে ব্লক তুলুন।
SMS
"SMS ব্যালেন্স কম — লাগবে …টা, আছে …টা।"
কী করবেন: SMS পাতা থেকে SMS কিনুন (অনলাইনে টাকা দিলেই ব্যালেন্সে যোগ হয়), তারপর আবার পাঠান — কিছু পাঠানো হয়নি, টাকাও কাটেনি।
"SMS পাঠানো যায়নি (…) — ব্যালেন্স থেকে কিছু কাটা হয়নি।"
কেন: SMS গেটওয়ে সাময়িক সমস্যায়। কী করবেন: কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন; বারবার হলে সাপোর্টে জানান।
"এই নম্বরগুলো ঠিক নেই: … — ঠিক করে আবার পাঠান"
কী করবেন: লেখা নম্বরগুলো ০১ দিয়ে ১১ সংখ্যায় ঠিক করুন; কমা বা নতুন লাইনে আলাদা করুন।
অর্ডারের অটো SMS যাচ্ছে না
কী করবেন: SMS পাতায় অটো SMS-এর মূল সুইচ আর কোন কোন সময় পাঠাবে (অর্ডার পেলে, কুরিয়ারে দিলে ইত্যাদি) — দুটোই চালু কিনা দেখুন ("অটো SMS চালু, কিন্তু কোনো সময় বাছা নেই" এলে নিচের সুইচ চালু করুন), আর ব্যালেন্স আছে কিনা।
"SMS কিনতে দোকানের মালিককে বলুন।" / "SMS পাঠানোর অনুমতি নেই।"
কেন: স্টাফ অ্যাকাউন্ট। কী করবেন: মালিক স্টাফ পাতা থেকে SMS-এর অনুমতি দেবেন; SMS কেনা শুধু মালিক বা সেটিংসের অনুমতিওয়ালা স্টাফ পারেন।
ওয়েবসাইট আর নিজের ডোমেইন
"ছবি ৩ MB-এর ছোট হতে হবে।"
কী করবেন: ছবিটা ছোট করুন (ফোনের "Resize" বা যেকোনো ছবি ছোট করার অ্যাপ), বা স্ক্রিনশট নিয়ে সেটা দিন।
"কমপক্ষে একটা এলাকা রাখতে হবে।" / "সর্বোচ্চ …টা এলাকা রাখা যায়।"
কেন: ওয়েবসাইট → ডেলিভারি-তে চার্জের অন্তত একটা এলাকা লাগে। কী করবেন: মুছে না দিয়ে চার্জ বা নাম বদলান; বেশি হলে কাছাকাছি এলাকাগুলো এক করুন।
"রঙটা ঠিকমতো দিন, যেমন #1E88E5"
কী করবেন: রঙের ঘরে চেপে রং বাছুন, বা # দিয়ে ৬ অক্ষরের কোড লিখুন।
নিজের ডোমেইন চালু হচ্ছে না ("যাচাই চলছে" থেকে নড়ছে না)
কী করবেন: - ডোমেইন যেখান থেকে কিনেছেন সেখানে DNS-এ CNAME রেকর্ড: নাম www, মান ওয়েবসাইট → নিজের ডোমেইন ট্যাবে যা দেখায়। - ডোমেইন Cloudflare-এ থাকলে রেকর্ডের কমলা মেঘ বন্ধ করে DNS only করুন। - DNS বদলালে ছড়াতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা লাগে — তারপর যাচাই করুন চাপুন। - "ডোমেইন ঠিকমতো লিখুন, যেমন www.yourshop.com" এলে http://, / বা ফাঁকা জায়গা ছাড়া লিখুন। বিস্তারিত নিজের ডোমেইন গাইডে।
অনলাইন পেমেন্ট আর টাকা তোলা
"টাকা তুলুন" বোতাম দেখাচ্ছে না / "আর ৳… জমলে তুলতে পারবেন"
কেন: কাস্টমারের প্রতিটা অনলাইন পেমেন্টের ৭ দিন পর সেই টাকা তোলা যায়, আর অন্তত ৳৫,০০০ জমতে হয়। কী করবেন: ওয়েবসাইট → পেমেন্ট ট্যাবে ৭ দিনের অপেক্ষায় আর এখন তোলা যাবে দেখুন। - "টাকা তুলতে উপরে টাকা নেওয়ার মাধ্যম আর নম্বর দিয়ে সেভ করুন।" — একই ট্যাবে bKash, Nagad, Rocket বা ব্যাংকের তথ্য দিয়ে সেভ করুন। - "আগের অনুরোধটা এখনো যাচাই হচ্ছে।" — আগের অনুরোধের টাকা পাঠানো হলে SMS আসে, তারপর আবার অনুরোধ দিন। বিস্তারিত অনলাইন পেমেন্ট গাইডে।
কাস্টমার অনলাইনে টাকা দিতে পারছে না
কী করবেন: ওয়েবসাইট → পেমেন্ট ট্যাবে অনলাইন পেমেন্ট চালু আছে কিনা দেখুন। কাস্টমারের দিক থেকে বাতিল হলে টাকা কাটে না; কাটলে কিন্তু অর্ডারে পেমেন্ট না দেখালে লেনদেন নম্বরসহ সাপোর্টে জানান।
Facebook আর Messenger
পেইজ যুক্ত করা যাচ্ছে না
কী করবেন: প্যাকেজ Standard বা Premium (বা ট্রায়াল) কিনা দেখুন; Facebook-এ ঢুকে পেইজের অনুমতি দিন আর কোন পেইজটি কানেক্ট করবেন? থেকে একটা পেইজ বাছুন ("একটি পেইজ সিলেক্ট করুন!" এলে বাছা হয়নি)। Meta-র যাচাই চলার সময় এই সুবিধা সবার জন্য চালু নাও থাকতে পারে — Facebook অটো রিপ্লাই গাইডের উপরে অবস্থা লেখা থাকে।
বট কমেন্ট বা Messenger-এ উত্তর দিচ্ছে না
- Facebook অটোমেশন-এর কমেন্ট বা Messenger ট্যাবে সুইচ চালু আছে কিনা।
- আপনি নিজে Page Inbox থেকে সেই কাস্টমারকে লিখলে বট ১২ ঘণ্টা চুপ থাকে; Facebook বট পাতায় "বট চুপ" লেখা থাকলে বট আবার চালু চাপুন।
- পেইজ হিসেবে করা কমেন্টে, আর একই মানুষকে একই পোস্টে দ্বিতীয়বার উত্তর যায় না।
- Meta Business Suite-এর Instant reply চালু থাকলে বন্ধ করুন।
- কাস্টমারের শেষ মেসেজের ২৪ ঘণ্টা পর Facebook সাধারণ মেসেজ পাঠাতে দেয় না — তখন শুধু অর্ডারের খবর যায়।
ফাইল থেকে আনা
"পুরনো .xls ফাইল চলে না।"
কী করবেন: Excel-এ খুলে Save As → Excel Workbook (.xlsx) বা CSV।
"ফাইলে কোনো সারি পাওয়া যায়নি।"
কী করবেন: প্রথম সারিতে কলামের নাম, নিচে প্রতিটা সারিতে একটা করে প্রোডাক্ট/কাস্টমার রাখুন; প্রথম শিটেই রাখুন।
সারি বাদ যাচ্ছে: "দাম নেই বা দাম সংখ্যায় লেখা নেই" / "নাম নেই"
কী করবেন: দামের ঘরে শুধু সংখ্যা রাখুন (৳, Tk, কমা থাকলে সমস্যা নেই)। কলাম ভুল মিললে কলাম মিলিয়ে নেওয়া হয়েছে — বদলাতে চাইলে এখানে খুলে ঠিক করুন।
"এই বারকোড/SKU-র প্রোডাক্ট দোকানে আগে থেকে আছে"
কেন: সেই প্রোডাক্ট আগেই আনা হয়েছে — দুবার তৈরি হয় না। এটা ঠিক আছে।
"যে ছবিগুলো আনা যায়নি"
কী করবেন: লিংক ভুল, ছবি সরানো, বা ১০ MB-র বেশি — সেই প্রোডাক্ট এডিট করে নিজে ছবি দিন। ছবি নামা থেমে গেলে বাকি ছবি আনুন চাপুন।
সব জায়গায়
"কিছু সেভ হয়নি, পেইজটা রিফ্রেশ করে আবার চেষ্টা করুন।" / "ফর্মটা জমা দেওয়া যায়নি।"
কেন: পাতাটা অনেকক্ষণ খোলা ছিল, বা অন্য ট্যাবে লগআউট/লগইন হয়েছে। কী করবেন: পাতা রিফ্রেশ করে আবার লিখে সেভ করুন।
"কিছু ঘরে ভুল আছে, লাল লেখা দেখে ঠিক করুন।"
কী করবেন: পাতায় নিচে নামলে লাল লেখার ঘরগুলো দেখাবে — সেগুলো ঠিক করে আবার সেভ করুন।
পাতা খুলছে না বা খুব ধীর
কী করবেন: ইন্টারনেট সংযোগ দেখুন, পাতা রিফ্রেশ করুন। SellPunch-এর সার্ভারের অবস্থা নিরাপত্তা ও ডাটা পাতায় লিংক থাকলে সেখানে দেখুন। না ঠিক হলে সাপোর্টে জানান।
প্রশ্ন ও উত্তর
কোথাও আটকে গেলে সবচেয়ে দ্রুত সাহায্য কীভাবে পাব?
প্রথমে এই পাতায় বার্তার লেখাটা খুঁজুন। না পেলে ড্যাশবোর্ডের উপরের বারের AI সাহায্য দিয়ে ChatGPT বা Claude-কে স্ক্রিনশটসহ জিজ্ঞেস করুন। তাতেও না হলে যোগাযোগের পাতা থেকে সাপোর্টে ফোন, WhatsApp বা ইমেইলে জানান — কোন পাতায়, কী করতে গিয়ে, কী বার্তা এল, স্ক্রিনশটসহ। সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়া হয়।
AI-কে কি পাসওয়ার্ড বা কুরিয়ারের চাবি দিতে হবে?
না, কখনো না। SellPunch বা সাপোর্ট কখনো পাসওয়ার্ড চায় না। স্ক্রিনশটে কাস্টমারের নম্বর বা চাবি থাকলে ঢেকে দিন।
কোন বার্তা এখানে না পেলে?
বার্তার পুরো লেখাটা আর কোন পাতায় এসেছে, সেটা সাপোর্টে পাঠান — আমরা এই পাতায় যোগ করে দেব।
আরও গাইড
যেকোনো ধাপে বুঝতে না পারলে স্ক্রিনশট পাঠান — বাংলায় ধরে ধরে দেখিয়ে দেব।